“তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ”
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাব-এডিটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার এরই মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেওয়ার জন্য সাব-এডিটরদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপদেষ্টা জানান, ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
সভায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতারা বলেন, সাব-এডিটরদের পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এর পাশাপাশি সাব-এডিটরদের দক্ষতা উন্নয়নে যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। সাব-এডিটরস কাউন্সিলের নেতারা ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।





