বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না।
শুক্রবার রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা আরও বলেন, তারা (ভারত) হয়তো মনে করেছে পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে আমদানি করতে পারবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে ভারতে চিকিৎসা নিতে যায়। কলকাতার হোটেলগুলোতে হাহাকার শুরু হয়েছে গেছে। যারা এত ঘৃণা পোষণ করে তাদের দেশে মানুষ যেতে চায়ও না।
ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, রিপাবলিক বাংলা টিভি বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের বলে দাবি করছে। তারা যদি এই দাবি করে বাংলাদেশের মানুষও বিহার-উড়িষ্যা নিজেদের দাবি করবে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। এজন্য তাদের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই।





