পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতের আঁধারে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ফেরার পথে ভোরবেলা বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া দেয়। একপর্যায়ে গুলি চালালে ঘটনাস্থলেই আনোয়ার মারা যান। পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।
এ ঘটনায় পতাকা বৈঠক ডেকেছে বিজিবি। সেখানেই লাশ হস্তান্তর হবে বলে জানানো হয়।





