আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানান। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন।
বিবৃতিতে ফখরুল ইসলাম বলেন, হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্বপরিকল্পিত বলে ধারণা করা যায়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।
তিনি বলেন, ‘ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার- উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।’





