“অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে জনগণ হতাশ হবে”
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সাধারণ মানুষের আকাক্সক্ষা পূরণ করতে দেশের জন্য আমাদের কিছু করে দেখাতে হবে।
এ এফ হাসান আরিফ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নিজ কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপাইকে এ কথা বলেন।
হাসান আরিফ বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ প্রায়ই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্মুখীন হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, সমূদ্রের পানির উচ্চতা ও লবনাক্ততা বৃদ্ধির প্রভাব বাংলাদেশে পড়ছে। সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবর্ণণীয় ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জ্ঞানলব্ধ হলে সাধারণ মানুষও এ ব্যাপারে সচেতন হবে। স্থানীয় সরকার বিভাগ থেকে সকল স্তরের জনপ্রতিনিধিদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে।
রাষ্ট্রদূত ম্যারি মাসদুপাই বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীদার হতে পেরে আমরা গর্বিত। চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে, সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা। বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশনসহ জলবায়ু পরিবর্তনজনিত অবকাঠামো নির্মাণে আমরা কাজ করতে চাই। আমরা চাই, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত জনসচেতনতা গড়ে উঠুক।
আরও পড়ুনঃ “শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে”





