রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির খবর ‘বিভ্রান্তিকর ও মিথ্যা’
রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) দুর্নীতি বিষয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ‘বিভ্রান্তিকর ও মিথ্যা’ দাবি করে বিবৃতি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস।
বুধবার অ্যামবাসি অব দ্যা রাশিয়ান ফেডারেশন অব বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে আরএনপিপি’র দুর্নীতি বিষয়ে প্রচারিত সংবাদ ও তথ্যকে ‘বিভ্রান্তিকর’ ও ‘মিথ্যা’ উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, ‘এই বিষয়ে আরও অযৌক্তিক জল্পনা-কল্পনার অবসান ঘটাতে রাশিয়ান রফতানি ক্রেডিট ব্যবহারের পদ্ধতি এবং রূপপুর এনপিপি নির্মাণে এরইমধ্যে ব্যয় করা অর্থের পরিমাণ স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করি।’
এতে বলা হয়, ‘আরএনপিপিতে যে কোনো দুর্নীতির সুযোগ সৃষ্টি হতে পারে না, তার প্রমাণ হলো- রাশিয়ান ফেডারেশনের আইন অনুযায়ী কোনো রাষ্ট্রীয় রফতানি ঋণ প্রদানে সার্বভৌম ঋণ গ্রহীতার কাছে সরাসরি অর্থ স্থানান্তর করা হয় না। রফতানি চুক্তির অধীনে বিদেশি গ্রাহককে দেয়া যে কোন পণ্য, কাজ বা পরিষেবার অর্থায়ন রাশিয়ান রুবেলে রুশ অর্থ মন্ত্রণালয় রুশ রফতানিকারক সংস্থাকে সরাসরি দেয়।’





