“পারফরম্যান্সের মাধ্যমে র্যাবের হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব”
ভালোবাসা, ব্যবহার ও পারফরম্যান্সের মাধ্যমে র্যাবের হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর দফতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
উপদেষ্টা বলেন, র্যাব গঠনের সময় বলা হয়েছিল, বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। কিন্তু পরবর্তীকালে তা মানা হয়নি। সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা, যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয়, তখন থেকেই র্যাব গুম, খুনসহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, র্যাব গঠনের শুরুর দিকে এটি একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করে। পুলিশ ও সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদেরকে এখানে পদায়ন করা হতো। যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে।
উপদেষ্টা বলেন, আইনের মধ্যে থেকে র্যাবকে কাজ করে যেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। অননুমোদিত ও বেআইনিভাবে কাউকে আটক রাখা যাবে না। ক্রসফায়ার, গুম, খুন থেকে র্যাবকে দূরে থাকতে হবে।
আরও পড়ুনঃ “শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনলে গোটা জাতি কৃতদাস হয়ে যাবে”





