“সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সম্পদের হিসাব জমা না দিলে ব্যবস্থা”
সরকারি সব কর্মকর্তা-কর্মচারী যারা সম্পদের বিবরণী জমা দেবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর সম্পদের বিবরণী জমা দেয়ার নির্দেশনা বাস্তবায়নে আগামী ১৫ দিনের মধ্যেই প্রক্রিয়া শেষ করা হবে। এক্ষেত্রে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির জন্য এক সপ্তাহ এবং সম্পদ বিবরণী দাখিলের ফর্ম প্রস্তুত করার জন্য আরও এক সপ্তাহ সময় দরকার হবে।
সচিব বলেন, যারা সম্পদের বিবরণী জমা দেবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর আগামী এক সপ্তাহের মধ্যেই জেলা প্রশাসকদের শূন্য পদ পূরণ করা হবে।
এদিকে রোববার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত নির্দেশনায় শুধু বলা হয়েছে, সরকারি সব কর্মকতা-কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হলো। তবে কতদিনের মধ্যে কীভাবে হিসাব জমা দিতে হবে তা উল্লেখ করা হয়নি।





