রিলিফ-ওষুধের কোনো অভাব হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রিলিফ-ওষুধের কোনো অভাব হবে না। অনেক জায়গায় যেতে সমস্যা হচ্ছে। তাই ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। এ অসুবিধা বেশি সময় থাকবে না। জনগণ সাহায্য করলে অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসন) সব জায়গায় পৌঁছে যেতে পারবে। আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন।
আজ সোমবার দুপুর পৌনে ১২টায় নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বন্যাদুর্গদের মাঝে ত্রাণ এবং ওষুধসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জেনেছি কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর সম্পূর্ণ ধসে গেছে। এটি পুনঃস্থাপনে কীভাবে তাড়াতাড়ি অ্যাকশন (পদক্ষেপ) নেওয়া যায় তা করবো। জনগণকে বলবো, আপনারাও আমাদের সাহায্য সহযোগিতা করুন। সবার প্রচেষ্টায় নিশ্চয় ভালো কিছু হবে।’
এরআগে বেলা পৌনে ১১টায় বিজিবির তত্ত্বাবধানে হেলিকপ্টারযোগে ফেনীর ছাগলনাইয়া পৌঁছে সেখানেও ত্রাণ তৎপরতা ও ওষুধসামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফুল ইসলাম জানান, বিজিবির পক্ষ থেকে ফেনীতে ২৫০ পরিবার ও নোয়াখালীতে ২৫০ পরিবারসহ বন্যাদুর্গত ৫০০ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আরও পড়ুনঃ “আমরা সবাই জনগণের চাকর; আমরা কীভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি”





