পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি; ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম।
শনিবার দুপুরে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগ কার্যকর হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়।
প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আন্দোলনকারী ছাত্রদের আপিল বিভাগের আরও কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবি ছিল- বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আপিল বিভাগের আরও যারা আছেন, তাদের পদত্যাগের দাবির কথা আমি শুনেছি। শুনেছি অন্যান্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে আসেনি।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ড. আসিফ নজরুল বলেন, প্রিয় দেশবাসী আপনাদের সঙ্গে একটি বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। আমাদের প্রধানবিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কালবিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবো এবং আশা করবো এটা খুব দ্রুত কয়েক ঘণ্টার মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য আমি আরও জানাচ্ছি আমরা শুধু প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি। অন্যদের ব্যাপারে কোনো আপডেট নেই। আপনারা সবাই শান্ত থাকবেন। দেশের সম্পদ নষ্ট করবেন না। সবাই শান্ত থাকবেন, ধন্যবাদ।
আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসিফ





