পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন ড. ইউনূস
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন।
আজ শনিবার সকালে হেলিকপ্টারযোগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান তিনি।
শুক্রবার থেকেই ড. ইউনূসের আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই এলাকায়। সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা সেখানে অবস্থান করছেন। তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সাথে। এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা। আবু সাঈদের মা এবং পরিবারের অন্য সদস্যরাও এসময় ছিলেন অশ্রুসজল।
আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসিফ





