দেশজুড়ে সংঘর্ষে নিহত ১৪৬
বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের এক দফা দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় আনন্দ উল্লাসে মেতে ওঠে সারাদেশের জনগণ। তবে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলায় অন্তত ১৪৬ জন নিহত হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে সোমবার বহু হতাহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪০ জনের মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। তাদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় শনাক্ত হয়নি।
সাভারে ২৫ জন নিহত হয়েছেন। এ সময় প্রায় দুই শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। অধিকাংশ মৃত্যুই গুলিতে হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগে ২৪ জন নিহত হয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর সোমবার (৫আগস্ট) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এএম মামুন মঙ্গলবার (৬ আগস্ট) জানান, জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
কুষ্টিয়ায় সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। সোমবার (৫ আগস্ট) দুপুরে কুষ্টিয়া মডেল থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও শতাধিক।
বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার বলেন, ৬ জনের মরদেহ আমরা পেয়েছি। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে ৬ জন, মহানগরীর বাসন থানায় পুলিশের গুলিতে একজন ও কালিয়াকৈরে আনসার সদস্যদের গুলিতে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী ও উৎসুক জনতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় শ্রীপুরে বিজিবির তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
মানিকগঞ্জে নৌপুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টাধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম চঞ্চল (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে নৌ-পুলিশ ফাঁড়ি ও শিবালয় থানায় আগুন ধরিয়ে দেয়।
চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলমের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে গেছেন চারজন।
ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময় তার গাড়িচালক আক্তার মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ায় আগুনে পুড়ে রাব্বি (১৩) এবং মনজু (২০) নামের দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলের বিভিন্ন সময় এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তিনি। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে পালিয়ে বাগাড়া বাজারে এলে ফের জনতার মুখোমুখি হন। সেখানেই তাকে এবং তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়।
খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহ যেন খুঁজে না পাওয়া যায় সেজন্য আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়রার আরও দুই জন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি সেখানে ছিলেন বলে এলাকাবাসী জানায়।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের থানা রোড (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) এলাকার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। এ ঘটনার পর তার বাড়ি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (৫ আগস্ট) রাত তিনটায় মরদেহগুলো আওয়ামী লীগ নেতার পুড়ে যাওয়া ভবন থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ৬ জনের মরদেহ লালমাইয়ের সদর হাসপাতালে রাখা হয়েছে। এদিন বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে আওয়ামী লীগ ও তার পরিবারের কেউ ছিল না।
শরীয়তপুরের জাজিরায় মাসুদ বেপারী (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার হরিয়াসা এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষের সময় মাসুদ গুলিবিদ্ধ হন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
নাটোরে সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেস থেকে অগ্নিদগ্ধ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় সংসদ সদস্য শিমুলের বাড়িতে সাধারণ মানুষ মরদেহ দেখতে পায়।
দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর তার বাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। থানায় থানায় হামলা হয়। এসব ঘটনায় পুলিশের গুলিতে উত্তরায় ৯ জন মারা গেছেন।
আরও পড়ুনঃ জনগণকে কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী





