“ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ প্রমাণ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা”
জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চাকরিবিধি যেটি আছে, যদি সেটি কেউ ভঙ্গ করে, শঠতা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুনির্দিষ্টভাবে নাম এলে ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না- জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, অবশ্যই আইনানুগভাবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চাকরিবিধি যেটি আছে, যদি সেটি কেউ ভঙ্গ করে, শঠতা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে আসতে হবে। পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে। সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কি না- তার একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু সবার মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। আমরা গভীর মনোযোগের সঙ্গে বিষয়টি দেখছি।’
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, তবে আগে বিষয়টি প্রমাণিত হতে হবে, আদৌ এটি সঠিক কি না। এখানে একটি কথা বলে রাখি, যে ড্রাইভার এ কথা বলছেন, তাকে আমরা দেখলাম অন্য একটি দলের স্লোগান দিচ্ছেন। আসলে এখানে কী হয়েছে? যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবে যে সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে, ততক্ষণ অপেক্ষা করতে হবে।
ফরহাদ হোসেন বলেন, সে (পিএসসির সাবেক গাড়িচালক) একটি দলের ষড়যন্ত্রের ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে কি না। অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। সে তো একটি দলের হয়ে কাজ করছে, সরকারের ইমেজ নষ্ট করার জন্য। অনেকদিন আগে সে কাজের কারণে চাকরিচ্যুত হয়েছে।
আরও পড়ুনঃ “বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়”





