জনগণকে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, তা দিতে ব্যর্থ সরকার: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, তা দিতে ব্যর্থ সরকার। বিচারকের খাস কামরায় পুলিশ কর্মকর্তাদের পরামর্শে বিএনপি নেতাদের সাজা ঠিক করা হয়।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন, তাই নেতারা ঝনঝন বক্তব্য রাখছেন। আওয়ামী লীগ ভাঙা কলসি, বাজছে বেশি। জনসমর্থন হারিয়ে নিজেদের দুর্বলতা ঢাকতেই ওবায়দুল কাদের বিএনপিকে দুর্বল ও হতাশ বলছেন। বিএনপির জন্য তার চিন্তা মায়াকান্না।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে, দলের ভেতরেই কোন্দল, কেন্দ্রের কথা মানছে না তৃণমূলের কর্মীরা।
রিজভী বলেন, জনসমর্থনহীন হয়ে পড়েছে তারা। চারপাশে দুর্নীতি, লুটপাটকারীরা ঘিরে রেখেছে ক্ষমতাসীনদের। গণতান্ত্রিক শাসন নেই বলেই বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে, বাজার নিয়ন্ত্রণহীন করে মানুষের গলা চেপে ধরেছে সরকার। দিনদিন ঋণের বোঝা বাড়িয়ে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ।





