“বিএনপির নেতাকর্মীরা অনেকেই ঢাকায় এসে রিকশা চালায়”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। গুম খুন করছে। বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আওয়ামী লীগের লোকজন। তারা (বিএনপির নেতাকর্মীরা) অনেকেই ঢাকায় এসে রিকশা চালায়। এদের অনেকেই দেখবেন বিএ পাস, এমএ পাস।
আজ শুক্রবার সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, তীব্র গরমে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এই আবহাওয়ার কারণে আমরা শুধু প্রকৃতিকে দোষ দিতে পারি না। এই দোষ মানুষের আছে। প্রকৃতিকে প্রতিনিয়ত লুটেরা ভুমিদস্যুরা ধ্বংস করছে। এরা সবাই সরকারি দলের লোক। তারা যেমন প্রকৃতিকে ধ্বংস করছে এবং বিরোধী দলকে দমন করার পাশাপাশি ব্যবসা জমিজমা দখল করে নিয়েছে সরকারি দলের লোকজন। একে তো বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। গুম খুন করছে। বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আওয়ামী লীগের লোকজন। তারা (বিএনপির নেতাকর্মীরা) অনেকেই ঢাকায় এসে রিকশা চালায়। এদের অনেকেই দেখবেন বিএ পাস, এমএ পাস। ওবায়দুল কাদের সাহেব বলেন বিএনপির নেতাকর্মীরা হতাশ তারা বিদেশে পাড়ি দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরা বিদেশে পাড়ি দেবে কেন? বিদেশে পাড়ি দেওয়ার যে ভাড়া সেটাই তো তাদের পকেটে নাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, মেট্রোরেলের টাকা, বিভিন্ন ঠিকাদারি টাকা, পদ্মা সেতুর টাকা, কয়লা পুড়িয়ে যে তাপ বিদ্যুৎকেন্দ্র করেছেন এই টাকাগুলো রাখবেন কোথায়? এ টাকাগুলো লুকানোর জন্য ক্ষমতাসীন লোকরাই বিদেশ পাড়ি দিচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ও তাদের ব্যবসায়ীরা কত টাকা লুটপাট করেছে এটা সাংবাদিকরা যাতে না জানে এজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। সাংবাদিকরা যাতে সেখানে যেতে না পারে। কারণ আওয়ামী লীগের লোকজন ও তাদের ব্যবসায়ীরা কোন ব্যাংক থেকে কত টাকা লুটপাট করেছে এর তথ্য হয়তো বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। এই তথ্য সাংবাদিকরা যাতে জানতে না পারেন এই জন্য তাদের ওপর বিধিনিষেধ দিয়েছে।
আরও পড়ুনঃ “বিএনপি সর্বদা ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে”





