হবিগঞ্জের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ প্রাইভেটকারের পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের চারজন।
বুধবার দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন- মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার (১২)। তাদের সঙ্গে প্রাইভেটকারের চালকও মারা গেছেন বলে জানা গেছে।
নিহত জামাল ও খোকনের মামা মো. সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন। জামাল মৃধার ইলেক্ট্রনিক্সের দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন। কাওসার সপ্তম শ্রেণির ছাত্র। কাওসারের মানত থাকায় প্রাইভেটকারে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেটে শাহজালাল (রা.) এর মাজারে যান তারা। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টায় জামাল মৃধা তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।





