“সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি অপতথ্যে বিস্তার ঘটছে”
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বর্তমান সময়ে অনেক বেশি অপতথ্য বেড়ে চলেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি অপতথ্যে বিস্তার ঘটছে। এই অপতথ্য বিস্তারকে কেন্দ্র করেই সমাজকে সবচেয়ে বেশি বিপদে ফেলছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ আলী আরাফাত বলেন, প্রশাসনিক অনেক জায়গায় তথ্য চাওয়া হলে তাদের মধ্যে তথ্য দিতে অনীহা দেখা যায়। আর এ জন্যই অপপ্রচারের সুযোগ তৈরি হয়। তাই আমরা অতি অল্প সময়ের মধ্যে যেন তথ্য সরবরাহ করতে পারি সে লক্ষ্যে মন্ত্রণালয়কে তৈরি করছি। এতে আপনাদের দ্রুত তথ্য দিয়ে সহায়তা করতে পারবো। আমি স্পষ্ট করে বলতে চাই, তথ্য চাওয়া হলে, তথ্য দিতে হবে। তথ্য দেয়া ও চাওয়ার ক্ষেত্রে কোনো সংকোচ যেন না থাকে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সত্যটা জানতে চাই। সেটা পক্ষে হোক আর বিপক্ষে হোক। সরকারের ভুলভ্রান্তি থাকলে সমালোচনাও থাকবে। সেটি যেন যথাযথ তথ্যের ভিত্তিতে হয়। তথ্য বিভ্রান্ত করে গুজব রটানো যাবে না।
‘গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে কীভাবে তথ্যের অপব্যবহার রোধ করা যায় সেই লক্ষ্যে কাজ করছি, যাতে আমরা সত্য তথ্য পাই। আমি মনে করি সঠিক তথ্য নিশ্চিত করতে কাজ করা উচিত। তেমনি অসত্য তথ্যের বিরুদ্ধেও আমরা কঠোর ব্যবস্থা নেব’, যোগ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘সাংবাদিকদের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করতে চাচ্ছি আমরা। মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে তা জনগণের কাছে যেন তারা প্রকাশ করতে পারে। সমাজের অসংগতিগুলো তুলে ধরতে পারে। অনেক সময় তথ্যের অপব্যবহারও হয় এজন্য তথ্য প্রকাশের ক্ষেত্রে জবাবদিহিতাও থাকতে হবে। জবাবদিহিতা না থাকলে তথ্যের অপব্যবহার হতে পারে। প্রকৃত তথ্য না থাকলেই অপপ্রচারের সৃষ্টি হয়। আমরা সেভাবেই কাজ করছি।’
আরও পড়ুনঃ “বিএনপি বরাবরের মতো নির্বাচন ও দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে”





