“জলদস্যুদের কবলে থাকা জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি”
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা জাহাজের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা জাহাজের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে স্বজনরা জানিয়েছেন, জলদস্যুরা ৫০ লাখ ডলার চেয়েছে। নইলে তারা নাবিকদের মেরে ফেলারও হুমকি দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, নাবিকদের ছাড়াতে মুক্তিপণ দেয়া হবে কি না, কৌশলগত কারণে তা এখনই প্রকাশ করা হবে না।
এদিকে অনুষ্ঠানে দেয়া ভাষণে মন্ত্রী বলেন, ইউরোপকে উন্নয়নের জন্য অন্ধ অনুকরণ করা যাবে না। ইউরোপের মানবতা হারিয়ে গেছে। মানুষের সঙ্গে মানুষের মমত্ববোধও হারিয়ে গেছে সেখানে। শুধু বস্তুকেন্দ্রিক রাষ্ট্র না, আমরা একটি মানবিক রাষ্ট্র চাই। এক্ষেত্রে ইউরোপকে অন্ধ অনুকরণ করা ভুল হবে।
তিনি আরও বলেন, ইউরোপে বৃদ্ধ হলে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। দুর্ঘটনা ঘটলে সাহায্য না করে, পাশ দিয়ে সাঁই সাঁই করে গাড়ি চলে যায়। কেউ ফিরেও তাকায় না। এমন অমানবিক সমাজ প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি।





