সিরাজগঞ্জে ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে তমাল নামের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে রায়হান শরিফ নামে শিক্ষকের বিরুদ্ধে। এতে উত্তপ্ত ক্যাম্পাস।
আজ সোমবার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরিফ ভাইভা চলাকালীন কোনো কারণ ছাড়াই তমালের ডান পায়ে গুলি করেন। পরে তমালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত তমাল মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন শাহরিয়ার বলেন, ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পায়ে গুলি করেন। ওই শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশির মৃত্যু





