বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মামলা না করলে মামলা করবে পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেছেন, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেউ অভিযোগ না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
শুক্রবার সন্ধ্যায় ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
অতিরিক্ত কমিশনার বলেন, যারা ব্যবসা করছেন, তারা শুধু ব্যবসার কথা চিন্তা করবেন না। মানুষের কথা মাথায় রাখা উচিত।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২০, নারী ১৮, শিশু ৮। ৪০টি মরদেহ শনাক্ত হয়েছে। বাকি ছয়টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ডিএমপি কর্মকর্তা বলেন, ৩৮টি মরদেহ স্বজনদের কাছে দেয়া হয়েছে। দুটি মরদেহ ফ্রিজে রাখা হয়েছে। ছয়টি মরদেহ চেনা অনেক কঠিন। তাদের চেনার জন্য কাজ চলমান রয়েছে।
কোন ভিকটিমের পরিবার থেকে এখনো অভিযোগ আসেনি। যদি কেউ অভিযোগ না দেয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি।
মহিদ উদ্দিন বলেন, ভবনের তৃতীয় তালা ছাড়া প্রতিটি ফ্লোরে রেস্টুরেন্টে ছিল। নিচের তালায় দুটি খাবারের রেস্টুরেন্টে ছিল। এই জায়গায় প্রথমে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, প্রাথমিকভাবে চুমুক রেস্টুরেন্টের দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য কাচ্চি ভাই’র ম্যানেজারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ বেইলি রোডে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী





