দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্র-সমাজে ভীতি ও আতংক ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আজ সোমবার দলটির দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী এখন আরও বেশি বেপরোয়া ও কতৃর্ত্ববাদী হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি করা করেছে।’
তিনি বলেন, ‘মো. আখতারুজ্জামান মিয়া এবং নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
আরও পড়ুনঃ “উপজেলা নির্বাচনে কাউকে নৌকা দিচ্ছি না; বুঝে-শুনে নির্বাচন করতে হবে”





