জার্মানিতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৩
জার্মানিতে বন্দুক হামলায় শিশুসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এদিকে গুলি চালানোর পর আত্মহত্যার চেষ্টা করেন বন্দুকধারী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার জার্মানির রাইনলান্ড ফাল্জ অঙ্গরাজ্যের মোন্টাবাউর এলাকার একটি বাড়ি থেকে হঠাৎ চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। এর কিছুক্ষণ পরই কয়েক রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। তাৎক্ষণিকভাবে জরুরি নম্বরে ফোন দিয়ে সাহায্য চাইলে স্থানীয় আইনশৃঙ্খলা ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ জানায়, বাড়িটিতে বন্দুকধারীর গুলিতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। ঘটনার বর্ণনায় পুলিশ আরও জানায়, প্রথমে নিজের বাবা এবং এরপর স্ত্রী ও তিন বছর বয়সী শিশুসন্তানকে গুলি করে ওই ব্যক্তি।
তাদের হত্যা নিশ্চিত হওয়ার পর নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় বন্দুকধারী জার্মান নাগরিক। তবে কী উদ্দেশে পরিবারের সবাইকে হত্যা করলেন সেই প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা ও এটর্নি জেনারেল জানান, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।





