বিশ্ব ইজতেমা উপলক্ষে ১৭ টি ট্রেন দেবে বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ে আসন্ন বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৭টি স্পেশাল ট্রেন চালু করবে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান এ তথ্য জানান। এসময় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন।
কামরুল আহসান বলেন, প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে স্পেশাল ট্রেন চালু করেছে। এর মধ্যে শুধু ২ ও ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে দুটি জুম্মা স্পেশাল ট্রেন চলাচল করবে।
এছাড়া ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। আখেরি মোনাজাতের দিন (৪ ও ১১ ফেব্রুয়ারি) ঢাকা-টঙ্গী রুটে পাঁচটি ও টঙ্গী-ঢাকা রুটে পাঁচটি স্পেশাল ট্রেন চলাচল করবে। টঙ্গী-ময়মনসিংহ রুটে চলবে একটি স্পেশাল ট্রেন। পাশাপাশি টঙ্গী-টাঙ্গাইল রুটে একটি এবং ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।
এছাড়া সব আন্তঃনগর মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনে কোচের প্রপ্যতা এবং যাত্রী চাহিদা অনুযায়ী যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলেও জানান তিনি।





