“বিরোধী দলে ছিলাম, বিরোধী দলে থাকতে চাই”
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংসদে আসার অনুভূতি সব সময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে এলাম, সেটি আনন্দের বিষয়।
দ্বাদশ সংসদের বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।
পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।
এবারের সংসদ নির্বাচনে এত কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সব সময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল।
আরও পড়ুনঃ প্রতিহিংসার রাজনীতি বিএনপির জনবিচ্ছিন্নতার মাত্রা আরও বাড়িয়ে দিবে: ওবায়দুল কাদের





