ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে নিহত ৩
ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সদরের পল্লী বিদ্যুৎ এলাকার দাসপাড়ায় সাইদুর রহমানের হাসকিং মিলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটিতে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে। এতে নারীসহ তিনজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাসপাড়া এলাকায় একটি হাসকিং মিলে ধান সিদ্ধ চলছিল। এ সময় অতিরিক্ত তাপে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় মিলের রাস্তার পাশে গিয়ে পড়ে বয়লারটি। এতে আগে থেকে সেখানে বসে থাকা দীপ্তি দাস, পলক ও পূজা বয়লারের আঘাতে ঘটনাস্থালে নিহত হন। এ ঘটনায় হাসকিং মালিকের বিচার দাবি করেন এলাকাবাসী।
স্থানীয় হরিদাস বলেন, এই ঘটনায় আমরা দোষীর শাস্তি চাই। পরিবারগুলো যেন ন্যায়বিচার পায়।
রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ হান্নু বলেন, এই ঘটনা আসলেই কষ্টদায়ক। ইউনিয়ন পরিষদ ও প্রশাসনসহ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুনঃ কাসেম সোলায়মানির মৃত্যুবার্ষিকীতে ইরানে বিস্ফোরণ, নিহত ৭৩





