“জোর-জবরদস্তি করে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জোর-জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী।
আজ সোমবার সকালে রাজধানীর কাফরুল এলাকায় ভোটবিরোধী লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে কাফরুল থানা বিএনপি মিরপুর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে।
রিজভী বলেন, আওয়ামী লীগ জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। জোর করে তারা যাতে ক্ষমতায় থাকতে না পারে, সে জন্য আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন। ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে।’
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে।
রিজভী বলেন, আওয়ামী লীগ নিজেরা নিজেরা খুনাখুনি করছে, নাশকতা করছে, মানুষ মারছে, আর দায় চাপিয়ে দিচ্ছে গণতন্ত্রের জন্য লড়াইকারীদের ওপর।
আরও পড়ুনঃ “আন্তর্জাতিক কমিউনিটিকে দেখাতে হবে, নির্বাচন সুষ্ঠু হয়েছে”





