চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও ১৩ জন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি খনিতে দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে একটি কয়লা খনিতে এ ঘটনা ঘটে।
সিসিটিভি বলেছে, খনির শ্যাফটের সঙ্গে যুক্ত এই দুর্ঘটনায় আহত ১৩ জনের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে।
এএফপি বলছে, সাম্প্রতিক দশকগুলোতে চীনের খনিগুলোতে নিরাপত্তা সংক্রা ন্ত বিষয়াদির উন্নতি হয়েছে। কিন্তু দুর্বল নিরাপত্তা রেকর্ডের কারণে দেশটির এই শিল্পে দুর্ঘটনা এখনও বেশ সাধারণ বিষয়। সরকারি পরিসংখ্যা ন অনুযায়ী, গত বছর ১৬৮টি দুর্ঘটনায় চীনে ২৪৫ জন মারা গেছেন। চলতি বছরের নভেম্বরে হেইলংজিয়াংয়ের আরেকটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জন নিহত হয়। এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে আগুনে কমপক্ষে ১৬ জন নিহত হয়।





