মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে মুগ্ধ শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা যে জায়গায় গিয়েছে, সেটির জন্য আমরা মুগ্ধ। শিক্ষকরা মাদ্রাসার শিক্ষার্থীদের কীভাবে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে গড়ে তুলছেন। একইভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষাসহ অন্যান্য সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে প্রযুক্তিতে ভবিষ্যতের নাগরিক তৈরি করছেন।
আজ শনিবার দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী ফাজিল মাদ্রাসায় শিক্ষার আধুনিকায়নে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ।
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সকল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, দিনাজপুর ভবানীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাসান মাসুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা।
আরও পড়ুনঃ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী





