ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন বলে ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৪৪(খ)-এর দফা ৩ অনুযায়ী, মনোনয়ন দেয়া রাজনৈতিক দল থেকে নেয়া খরচসহ একজন প্রার্থীর নির্বাচনী খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছে। তবে ভোটার সংখ্যা যা-ই হোক-না কেন, নির্বাচনী এলাকার প্রার্থীর ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটারপ্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছিল ইসি।
উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।





