“রাজনীতির সঙ্গে বিএনপি নেতাদের গ্রেফতারের কোনো সংশ্লিষ্টতা নেই”
বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনৈতিক কারণে তাদের গ্রেফতার করা হয়নি। অপরাধজনিত সংশ্লিষ্টতার কারণে তাদের ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।
আজ রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
আইজিপির সাথে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। আমরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।
বিএনপি নেতাকর্মীদের ধড়পাকড় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সঠিক জবাব পাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তারা এ বিষয়ে ভালো বলতে পারবে। তবে, আমি বলতে পারি বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় তাদের আটক করা হয়েছে। রাজনীতির সাথে এটার কোন সম্পর্ক নেই।
আরও পড়ুনঃ নিজেদের আন্দোলন নিজেরাই ভণ্ডুল করছে বিএনপি: ওবায়দুল কাদের





