হাওর এলাকায় আর কোনো সড়ক নির্মাণ করা হবে না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকৃতির ক্ষতি করবে এমন কোনো প্রকল্প জেনেশুনে হাতে নেব না। আমরা চরাঞ্চল ও উপকূলে সড়ক নির্মাণ করছি। হাওর এলাকায় আর কোনো সড়ক নির্মাণ করা হবে না।
আজ সোমবার ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘দ্য গ্লোবাল এনার্জি ট্রানজিশন অফার্স অ্যান অপারচুনিটি টু বুস্ট গ্রোথ ইন সাউথ এশিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন নতুন প্রকল্প আসছে, সেগুলো নারীবান্ধব, প্রকৃতি সহায়ক ও বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাবে। সেই সঙ্গে জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল ও গ্যাস থেকে ধীরে ধীরে সরে সূর্যের রশ্মি থেকে কীভাবে শক্তি সংগ্রহ করা যায় সেই চেষ্টা করছি।
তিনি বলেন, সবুজ উন্নয়নে বাংলাদেশ কিছু চিত্তাকর্ষক অগ্রগতি করেছে। যেমন গার্মেন্টস খাত সবুজ কারখানার সংখ্যার দিক থেকে বিশ্বের সেরাদের মধ্যে রয়েছে।
মন্ত্রী আরও বলেন, আমাদের অবশ্যই বাংলাদেশের শক্তি দক্ষতা এবং সংরক্ষণ মাস্টারপ্ল্যানের রূপরেখার পথে চলতে হবে, যার মধ্যে বৃহৎ শিল্প শক্তি গ্রাহক, আবাসিক গ্রাহক, বিল্ডিং, বেসরকারি কোম্পানি এবং সরকারি সংস্থাগুলোকে শক্তি দক্ষতার দিকে অগ্রসর হতে সাহায্য করার জন্য একটি সিরিজের প্রোগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুনঃ গাজায় যে নৃশংসতা সাধারণ মানুষের ওপর হচ্ছে তার চেয়েও ভয়ংকর বিএনপি





