সারাদেশে ডেঙ্গুতে এক দিনে ১২ জনের মৃত্যু
সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৪ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৫২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২৭ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৪২৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ১০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ হাজার ৪১১ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৬২ হাজার ৫০১ জন।
একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৫০ হাজার ০৮২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ৫২১ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৫৬ হাজার ৫৬১ জন।
আরও পড়ুনঃ জনগণ যদি চায় বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী





