বাংলাদেশে বিনিয়োগে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আহ্বান তথ্যমন্ত্রীর
বাংলাদেশকে সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশে বিনিয়োগে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ সব ক্ষেত্রে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। অবকাঠামোগত সুবিধা, সমুদ্রবন্দর, নদীবন্দর, আন্তঃদেশীয় রেল ও সড়ক যোগাযোগসহ নানা কারণে বাংলাদেশ আজ সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ।
তিনি বলেন, মাথাপিছু আয় বৃদ্ধির সঙ্গে যেহেতু মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে, সেখানে আমাদের মাথাপিছু আয় শুধু দ্রুত বৃদ্ধিই পাচ্ছে না, প্রায় ৫০ মিলিয়ন বা ৫ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ৫ হাজার ডলার। আগামী এক দশকে এই সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে যাবে।
পাশাপাশি আমাদের ভৌগলিক অবস্থান এমন যে বাংলাদেশে বিনিয়োগ করা পণ্যের বাজার ভারত, মিয়ানমার, নেপাল এমনকি চীন পর্যন্ত বিস্তার করা সহজ, উল্লেখ করেন হাছান মাহমুদ।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের চিন্তা করছে প্যারিস। দেড় মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বাংলাদেশ সফর করেছেন। এই সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।
আরও পড়ুনঃ জনগণ যদি চায় বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী





