হামাসের রকেট হামলায় ২২ ইসরাইলি নিহত; আহত ৫ শতাধিক
ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় অন্তত ২২ ইসরাইলি নিহত হয়েছেন। হামলায় আরও ৫৪৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছোড়া হয়। ফিলিস্তিনের হামাস এই হামলার দায় স্বীকার করেছে।
এর আগে ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির নেতারা এই অভিযানের নাম দিয়েছেন ‘অপরেশেন আল-আকসা স্টর্ম’।
এক বিবৃতিতে হামাস নেতা মোহাম্মেদ দেইফ বলেন, আমরা শনিবার ইসরাইলের উদ্দেশে পাঁচ হাজার রকেট ছুড়েছি। এর মধ্য দিয়ে আমরা অপারেশন আল-আকসা স্টর্ম শুরু করে দিয়েছি।
দেইফ বলেন, যথেষ্ট হয়েছে। ইসরাইলকে আমরা উপযুক্ত জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশপ্রেমিক সব ফিলিস্তিনিকে এই যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানিয়েছি।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী হামাসের হামলার জবাবে এবার গাজা উপত্যকায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছে ইসরাইল।





