বরিশালের উজিরপুরে শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও মেধা বৃত্তি প্রদান
বরিশালের উজিরপুরে হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এসময় ট্রাস্টের উদ্যোগে শতাধিক অসচ্ছল ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার সকালে উজিরপুরের স্থানীয় কুড়লিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী কিরণ চন্দ্র বালার পিতা প্রয়াত হরেন্দ্র নাথ বালার ৭ম মৃত্যুবার্ষিকী এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মেধা বৃত্তি প্রদান, অসচ্ছল ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ এবং অত্র এলাকায় মন্দির নির্মাণে আর্থিক সহায়তা করা হয়। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

কবি, লেখক ও সংগঠক ভীষ্মদেব বাড়ৈ এবং কবি সত্যান্বেষী দেবাশিসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া আওয়ামী লীগের সভাপতি এবং বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুনীল কুমার বাড়ৈ।

শ্রী রাম চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল রায়, শিক্ষক স্বদেশ বিশ্বাস, সহকারী অধ্যাপক সদানন্দ বিশ্বাস, প্রভাষক নিখিল চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক অমূল্য রতন বিশ্বাস, প্রধান শিক্ষক সুধীর রঞ্জন হালদার, প্রধান শিক্ষক সুশীল কুমার বালা, পাকুরিতা নিবাসী পরেশ চন্দ্র সরকার, কোটালীপাড়া নিবাসী শ্যামল চন্দ্র সরকার, শিক্ষক পরেশ চন্দ্র বাড়ৈ, সতীশ চন্দ্র বাড়ৈ, শিক্ষক শ্রীমতি চন্দনা বিশ্বাস, কবি লিটু হালদার প্রমুখ।
হরেন্দ্র মালতী কল্যাণ ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা কিরণ চন্দ্র বালা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবার আশীর্বাদ কামনা করেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ “মূর্খদের হাতে দেশের দায়িত্ব পড়লে সে দেশের কোনো অগ্রযাত্রা হতে পারে না”





