যুক্তরাষ্ট্রে দাবানলে ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের কাছে পাঠানো একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের মাউইয়ের হাওয়াই দ্বীপে দাবানলে সৃষ্ট বিপর্যয়ে প্রাণহানি ও সম্পত্তি নাশের ঘটনায় তার গভীর সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে বলেছেন, আমি আপনাকে ও আপনার মাধ্যমে এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্থদের গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাই। আমরা আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি এবং বিদেহীদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করছি।
আরো বলেন, মাউয়ের মর্মান্তিক ঘটনা জলবায়ু পরিবর্তনের ধ্বংসের মাত্রা এবং দুর্যোগ প্রস্তুতির ও এই ধরনের দুর্যোগের সময় ঝুঁকি হ্রাস করার গুরুত্বের বিষয়টি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়।
মোমেন বলেন, আমরা, বাংলাদেশের সরকার ও জনগণ, এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানিয়ে আমেরিকা জনগণের পাশে আছি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ১৬ আগস্ট চিঠিটি স্টেট ডিপার্টমেন্টে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র কাছে হস্তান্তর করেন।
সূত্রঃ বাসস





