দেশে জঙ্গি পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে জঙ্গি দমন অব্যাহত রয়েছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে।
বৃহস্পতিবার ব্রাসেলসের স্থানীয় একটি মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর হত্যাকারী যাদের বিরুদ্ধে বিচারক রায় ঘোষণা দিয়েছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত কয়েকজনের রায় কার্যকর বাকি রয়েছে।পৃথিবীর যেখানেই তারা আত্মগোপন করছেন, আমরা তাদের খুঁজে বের করে রায় কার্যকরের চেষ্টা করছি।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দ্রুতই বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা কয়েকজনের অবস্থান জানি। সেসব দেশের সরকারের সঙ্গে আমরা আলোচনা করছি। এছাড়া যে কয়েকজন পালিয়ে আছেন, তাদেরকেও আমরা খুঁজে বের করব।
নির্বাচনের আগে দেশে আবারও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি দমন অব্যাহত রয়েছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, শোককে শক্তিতে পরিণত করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
সূত্রঃ বাসস





