দেশের বাজারে স্বর্ণের দাম কমলো
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করেছে।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম শুক্রবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৫৩৫ টাকা।
এর আগে গত মাসের ২০ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ জুলাই থেকে এ দাম কার্যকর হয়। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয় ৬৮ হাজার ৭০১ টাকা।
সূত্রঃ বাসস





