বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবিতে নিহত ৩; নিখোজ অনেকে
বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবির ঘটনায় এক শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ যাত্রী নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নৌ-পুলিশ। কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবরিদের সমন্বয়ে ৫ ঘণ্টা ধরে উদ্ধার কার্যক্রম চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ ওয়াটার বাসটি ডুবে যায়।
ওয়াটার বাসডুবির ঘটনায় স্বজন হারানোর শঙ্কায় রাতে বুড়িগঙ্গার তীরে ছুটে এসেছেন অনেকে। তারা ঘাটে অবস্থান করছেন।
সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, রোববার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওয়াটার বাসটিতে কী পরিমাণ যাত্রী নিখোঁজ আছে, তা জানা নেই। রাত ৯টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এ ঘটনায় বাল্কহেডটি আটক করা হয়েছে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ ‘অ্যাসপার্টাম’ যুক্ত এই খাবারগুলি বাচ্চাদের স্বাস্থ্য নষ্ট করে





