বান্দরবানে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলি; নিহত ৮
বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসী দুটি গ্রুপের গোলাগুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে রোয়াংছড়ির খানতামপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ভয়ে কেউ ঘর থেকে বের হননি। সকালে স্থানীয়রা ঘর থেকে বের হলে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, আলোচিত কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এবং ইউপিডিএফের দুটি পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে। তবে কোনো পক্ষ এ ঘটনার বিষয়টি স্বীকার করেনি। তবে আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ওসি আব্দুল মান্নান। মরদেহ দুর্গম এলাকা থেকে উদ্ধার করে রোয়াংছড়িতে আনা হবে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।





