সোনার বাংলা গড়তে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে ভবিষ্যৎ প্রজন্মের কান্ডারি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার রাজধানীর মহাখালীস্থ নিপসম অডিটরিয়াম হলরুমে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত দেশের ৬-৫৯ মাস বয়সী মোট ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে চাই। সোনার বাংলা করতে সোনার শিশু তৈরি করতে হবে। সেই সোনার শিশু তৈরি করতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে।
শিশুদের খাদ্য-পুষ্টি ও ভিটামিনের অভাব হলে অনেক সমস্যা দেখা দেয় উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমরা চাই শিশুরা ভালোভাবে বেড়ে উঠুক, দেশের সুনাগরিক হোক। সোনার বাংলাদেশ গড়তে আমাদের সোনার মানুষ দরকার, সোনার শিশু দরকার।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ৬-৫৯ মাস বয়সী কয়েকজন শিশুকে লাল ও নীল রঙের ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্ম্দ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ টিটো মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী





