রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য দেয়া জীবন রক্ষাকারী সহায়তার পরিমাণ কমাচ্ছে।
আগামী ১ মার্চ থেকে প্রত্যেক রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা ১২ মার্কিন ডলার থেকে কমিয়ে ১০ মার্কিন ডলার দেবে ডব্লিউএফপি।
এ বিষয়ে বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী ও মানবিক সহায়তাদানকারী গোষ্ঠীর জন্য এটি একটি বড় ধরনের বিপর্যয়। অন্যান্য অতি জরুরি সেবা সংকুচিত হয়ে আসায় খাদ্য সহায়তায় এ পরিবর্তন, এমনকি তা মাত্র ২ ডলার সমপরিমাণ হলেও এর প্রভাব মারাত্মক।
ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত, ঝুঁকির মুখে থাকা অন্যান্য জনগোষ্ঠীর ক্ষেত্রে তেমনটি নয়। এ জনগোষ্ঠী তাদের খাদ্য ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে মানবিক সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল।
ডব্লিউএফপির তথ্য মতে, বর্তমানে প্রায় দশ লাখ রোহিঙ্গার প্রত্যেককেই ভাউচারের মাধ্যমে প্রতিমাসে ১২ মার্কিন ডলার সমমূল্যের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, যা ব্যবহার করে রোহিঙ্গা পরিবারগুলো সব ক্যাম্পে অবস্থিত ডব্লিউএফপির আউটলেট থেকে ৪০টিরও বেশি শুকনো ও তরতাজা খাবার বেছে নিতে পারে।
আরও পড়ুনঃ “পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আ. লীগ কর্মসূচি দিচ্ছে”





