“আওয়ামী লীগ বন্দুকের নলে ক্ষমতায় আসে না”
আওয়ামী লীগ বন্দুকের নলে ক্ষমতায় আসে না, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, দেশের মানুষ এখন উন্নয়ন চায়। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, আমাদের সবার প্রিয় নেত্রীর স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ করা, তা আজ বাস্তবায়ন হয়েছে। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প কেবলই শেখ হাসিনা। এখন স্বপ্ন হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এটাও হবে ইনশা আল্লাহ। আমরা এদেশ থেকে জঙ্গিবাদ দমন করেছি। দেশের জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করেছি। দেশের জনগণ এখন আর জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বিশ্বাস করে না। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নয়নের বাংলাদেশে এগিয়ে যাবো।





