তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প; নিহত ১৩০০
তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ৩০০ জন ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ।
স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এর প্রায় ১১ মিনিট পর আরও একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায়। এ দফায় ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। দ্বিতীয় দফায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ভূমিকম্পে শুধু তুরস্কেই ৯১২ জন নিহত হয়েছেন এবং ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ফলে নিহতে সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পে ২ হাজার ৮১৮টি ভবন ধসে পড়েছে।
ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে, তুরস্ক ও সিরিয়া ছাড়াও লেবানন ও সাইপ্রাসেও এর ঝাঁকুনি অনুভূত হয়েছে। এমনকি মিসরের রাজধানী কায়রোতেও এর তীব্রতা টের পাওয়া গেছে।





