নিপাহ ভাইরাসের ঝুঁকিতে দেশের সব জেলা
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলেছেন দেশের সব জেলা নিপাহ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে।
আজ রোববার সন্ধ্যায় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আইইডিসিআর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে ১০ জন আক্রান্ত হয়েছে, যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। আর আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে, যা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। আমরা নিপা ভাইরাসের সতকর্তার ওপর জোর দিয়েছি। তাই কোথাও কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে সেটার খবর আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ভাইরাসটিতে ১০ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে ৭ জন মারা গেছেন।
তিনি বলেন, নিপা ভাইরাসে আক্রান্ত হলে কেউ যদি বেঁচেও থাকে তাহলে তাদের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। এক্ষেত্রে আমরা যদি শুধু খেজুরের রস খাওয়াটা বন্ধ করে দিতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না।
সতর্কতা অবলম্বন করে রস খাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অনেকেই বলে থাকেন আমরা সাবধানতা অবলম্বন করে রস সংগ্রহ করছি। এটা আসলে ভুল। আপনি যতই জাল দিয়ে ঢেকে রাখেন, এতে আক্রান্তের সম্ভাবনা থেকে যায়। কারণ শুধু রসে বাদুড় মুখ দিলেই নিপা ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন (প্রসাব) থেকেও নিপা ভাইরাস সংক্রমিত হয়ে থাকে।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে এ বছরই রাশিয়ায় আলু রপ্তানি শুরু হবে : কৃষিমন্ত্রী





