গাজীপুরে কেক খেয়ে দুই শিশুর মৃত্যু
গাজীপুরে প্যাটিস ও কেক খেয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।
আজ রোববার সকাল ১১ টায় গাজীপুরের ইপসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিষক্রিয়ার ফলে শিশু দুটির মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলো- আশা মনি (৬) ও আলিফা (২)। তারা গাজীপুর সদরের ইপশা গেট এলাকার আশরাফুলের মেয়ে।
শিশুদের বাবা আশরাফুল জানান, সকালে পেটিস এবং কেক খেয়েছিল দুই মেয়ে। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বড় মেয়ে আশামনি অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত গাজিপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একই সময় অপর শিশু আলিফাও অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামপাতালে নিয়ে আসার আগেই বিষক্রিয়ার ফলে শিশু দুটির মৃত্যু হয়েছে। আরেক শিশু সিয়াম চিকিৎসাধীন। তার অবস্থাও গুরুতর।
আরও পড়ুনঃ আরসিসির সাতটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর





