ডেনমার্কে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা
ডেনমার্কে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, সারাবিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন শরীফ পোড়ানো হয়। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনায় নেতৃত্ব দেন। গত ২১ জানুয়ারি সুইডেনে কোরআন শরীফ পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। তিনি একইসঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক।





