ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু ১৪ এপ্রিল
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন আগামী পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল থেকে সারাদেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হবে এবং এর পর থেকে আর সরাসরি এলডি ট্যাক্স গ্রহণ করা হবে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের সপ্তম অধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ভূমিমন্ত্রী।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, অবৈধ ভূমি দখল ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে উপযুক্ত শাস্তি ও জরিমানার বিধান রেখে প্রস্তুত করা ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ মন্ত্রিপরিষদ বিভাগে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। বাংলাদেশের ভূমির অপ্রতূলতার কথা মাথায় রেখে সরকার প্রথমবারের মতো অকৃষি জমিতেও সিলিং রাখার বিধান করেছে। প্রাথমিকভাবে ভূমি মালিকানা ও ব্যবহার আইন-এ ৪০ বিঘা সিলিংয়ের (সর্বোচ্চ সীমা) প্রস্তাব করা হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি মালিকানা ও ব্যবহার আইনে এমন বিধানও রাখা হবে যেন বৃহৎ শিল্প স্থাপনে অকৃষি জমির সর্বোচ্চ সীমা কোনো বাধা না হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে বিশেষ আবেদনে সরকার অকৃষি জমির ঊর্ধ্বসীমার অতিরিক্ত শিল্প স্থাপনে অনুমোদন দিতে পারবে।
অন্যদিকে কৃষিজমি সুরক্ষা, অকৃষি জমির সর্বোচ্চ সীমার বিধান, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাসের উদ্দেশ্যে করা ভূমি মালিকানা ও ব্যবহার আইন-এর খসড়া আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হবে বলে জানান সাইফুজ্জামান।
তিনি বলেন, দলিলাদি যার, জমি তার-এ ভাবনা থেকেই ভূমি অপরাধ আইনের খসড়া তৈরি করা হয়েছে। কেউ যত বছরই জোর করে কোনো জমি দখল করে রাখুক না কেন, যথাযথ দলিলাদি ছাড়া বেআইনি দখলদারের মালিকানা এ আইনে কখনই তা স্বীকৃতি দেওয়া হবে না। আইন প্রণয়নের পর জমি দখল সংক্রান্ত হয়রানি উল্লেখযোগ্য হারে কমে আসবে।
ভূমিমন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে সারাদেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হবে। এরপর থেকে আর সরাসরি এলডি ট্যাক্স গ্রহণ করা হবে না। এরই মধ্যে ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।
নাগরিককে অনলাইনে দাখিলা প্রদান করা হয়েছে প্রায় ৪৫ লাখ। অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৩৭৫ কোটি টাকা, যা তাৎক্ষণিকভাবে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়েছে।
আরও পড়ুনঃ “স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাটি ডিজিটাল সংযোগ”





