মালয়েশিয়ায় পণ্যবাহী জাহাজের কনটেইনারে বাংলাদেশি কিশোর
চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় পণ্য নিয়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’নামে একটি জাহাজের একটি খালি কনটেইনার থেকে বাংলাদেশি এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি চট্টগ্রামের কন্টিনেন্টাল ট্রেডার্স বিডি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সল বলেন, ‘জাহাজের নাবিকেরা মঙ্গলবার রাতে বিষয়টি আমাদের অবহিত করে। উদ্ধার কিশোরের বয়স ১২-১৫ বছর হতে পারে বলে জানানো হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
স্থানীয় শিপিং এজেন্ট জানায়, ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটি থেকে জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলায় বন্দরের উদ্দেশে রওনা হয়। চার দিনের মাথায় ১৬ জানুয়ারি জাহাজটি কেলাং বন্দরের বহির্নোঙরে পৌঁছালে নাবিকেরা খালি কনটেইনারের সারির মধ্যে শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি পোর্ট কেলাং বন্দর কর্তৃপক্ষকে জানান। বন্দর কর্তৃপক্ষ পরদিন অগ্রাধিকার ভিত্তিতে জাহাজটি জেটিতে ভেড়ানোর অনুমতি দেয়। এরপর সন্দেহজনক কনটেইনার নামিয়ে ওই কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী





