৩০ জানুয়ারি নাইকো দুর্নীতি মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি
আগামী ৩০ জানুয়ারি আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবা কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন। এদিন খালেদার পক্ষে আইনজীবী হাজিরা দেন। এরপর তার পক্ষে অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আজ শুনানি শেষ না হওয়ায় আগামী ৩০ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। এ মামলায় দুদক ও অপর আসামির পক্ষে শুনানি শেষ হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন।
২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।





